বিএনপি নির্বাচনে জয়ী হলে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ও ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাজধানীর লেকশোর হোটেলে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত গণতান্ত্রিক আন্দোলনে গুম ও শহীদ পরিবারের সম্মানে ইফতার মাহফিলে এ ঘোষণা দেন তিনি।
তারেক রহমান বলেন, “রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রত্যাশা সামনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণই সিদ্ধান্ত নেবে কারা দেশ পরিচালনা করবেন।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র রক্ষার আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা গুম-খুনের শিকার হয়েছেন, তাদের বিচার পেতে সব রাজনৈতিক দলকে ঐকমত্যে আসতে হবে। যেই সরকারই ক্ষমতায় আসুক না কেন, তাদের অবশ্যই এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে।”
ইফতার মাহফিলে শহীদ পরিবারের সদস্যরা অভিযোগ করেন, “গণঅভ্যুত্থানে যেসব মানুষ প্রাণ দিয়েছেন, তারা যেন ন্যায়বিচার পান, এমন কোনো উদ্যোগ এখনো দৃশ্যমান নয়।” তারা আরও বলেন, “বিচার না হলে আমরা আবারও রাজপথে নামতে বাধ্য হবো।”
অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার ও ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।
এসময় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।