রংপুর নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৫ মার্চ) মধ্যে রাতে রংপুর নগরীর নিউ সেনপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে অবৈধভাবে দেশিয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার, বলপ্রয়োগ, হামলা, হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলীর নেতৃত্বে নগরীর নিউ সেনপাড়া এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করা হয়।
সেখানে আত্মীয়ের বাসায় আত্মগোপনে থাকা সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে গ্রেফতার করা হয়। পরে তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে থানায় নিয়ে যায় পুলিশ।
এনিয়ে মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী জানিয়েছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে একটি হত্যাসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এসব মামলা তদন্তাধীন।
তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। তিনটি মামলার মধ্যে একটি রংপুরে রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। বৃহস্পতিবার আফতাব উদ্দিন সরকারকে আদালতে নেয়ার কথা জানান তিনি।