বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের সারাদেশে বিএনপি ও ছাত্রদলের চাঁদাবাজদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন।
রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন।
নিজের পোস্টে আব্দুল কাদের উল্লেখ করেন, “যশোরে চাঁদা না দেওয়ায় মাছ ব্যবসায়ীর দুই চোখ উপড়ে নিয়েছে ছাত্রদল কর্মীরা! সারাদেশে বিএনপি-ছাত্রদলের চাঁদাবাজদের রুখে দিতে হবে। না হয় এতো এতো মানুষের জীবন, সবই বৃথা৷”
তিনি আরও লেখেন, “আওয়ামী লীগ-ছাত্রলীগকে বিতাড়িত করে আমরা আরেক চাঁদাবাজ, দখলদারদের হাতে দেশকে ছেড়ে দিতে পারি না।”
তার এই পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিনের দমন-পীড়নের পর রাজনৈতিক পালাবদলে নতুন সংকট দেখা দিচ্ছে, যেখানে পুরনো দখলদারদের জায়গায় নতুন গোষ্ঠী প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বাধীন নতুন প্রজন্মের রাজনৈতিক শক্তি যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে আছে, তা আব্দুল কাদেরের বক্তব্যেই স্পষ্ট হয়েছে।