জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‘দেশের মানুষের ওপর বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে, কোনো নিরাপত্তা দিচ্ছে না সরকার। এমন পরিস্থিতি চলতে থাকলে দেশ গৃহযুদ্ধের দিকেও চলে যেতে পারে।’
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান অফিসে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে জি এম কাদের এ কথা বলেন।
সভায় জি এম কাদের বলেন, ‘বাংলা ভাষা হারিয়ে গেলে বাঙালি সত্তা থাকবে না।’ বক্তব্যে ২৪‑এর আন্দোলনের প্রসঙ্গও তোলেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘২৪ আন্দোলন যে কারণে হয়েছে, তা বাস্তবায়ন হয়নি। দেশে এখনো বৈষম্য রয়েছে। বাঙালি জাতি কখনো বৈষম্য গ্রহণ করে না। বর্তমান সরকারকেও সে বিষয়ে সচেতন হতে হবে।
জি এম কাদের বলেন, ‘দেশ এখন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই সবাইকে দায়ীত্বশীল হয়ে কাজ করতে হবে। দেশের মানুষকে কষ্ট দিয়ে দেশ শাসন করা যায় না। দেশের মানুষকে আগলে রেখে দেশ শাসন ও পরিচালনা করতে হয়।’
কিন্তু সে বিষয়ে সরকারের তরফে ঘাটতি আছে–এমন অভিযোগ তুলে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, দেশের মানুষের ওপর বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে, কোনো নিরাপত্তা দিচ্ছে না সরকার।
জি এম কাদের বলেন, ‘দেশের অনেক প্রতিষ্ঠানে নেই নিয়ামানুবর্তিতা। বিচার বিভাগ এখনো দলীয় বিবেচনার বাইরে যায়নি।’
বিভিন্ন ইস্যুতে নানাজনকে ‘ফ্যাসিবাদী’ বা ‘ফ্যাসিবাদের দোসর’ ট্যাগ দেওয়া হচ্ছে এমন অভিযোগও তুলেছেন জি এম কাদের। তিনি বলেন, ‘বর্তমানে সরকার এবং সরকারের বাইরে থাকা সমর্থকেরা তাদের ইচ্ছামতো, মানুষকে পরিচয় দিচ্ছে ফ্যাসিবাদ ও ফ্যাসিবাদের দোসর হিসেবে।’