জাবের হোসেন, ফটিকছড়ি প্রতিনিধি:
ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও সাবেক ১০ নং সুন্দরপুর ইউপির চেয়ারম্যান শহিদুল আজম প্রকাশ মোল্লা আজমকে দলীয় আচরণ লঙ্ঘনের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার এ সিদ্ধান্ত ঘোষণা করেছেন।
তিনি জানান, অন্তর্বর্তী সরকারের পর থেকে শহিদুল আজম দলীয় আচরণবিধি লঙ্ঘন ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে আসছিলেন। এর প্রেক্ষিতে ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্ণেল আজিম উল্লাহ বাহার ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন বিএনপি নেতৃবৃন্দের কাছে তার বহিষ্কারের সিদ্ধান্ত চিঠি আকারে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্টের পর থেকে চাঁদাবাজিসহ অসংখ্য অভিযোগ এবং শহিদুল আজমের বিরুদ্ধে থানায় মামলা হওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল মো. আজিম উল্লাহ বাহার (অব.) এবং যুগ্ম আহ্বায়ক ছালা উদ্দিনের সুপারিশে তাকে কমিটির সদস্য পদসহ সব ধরনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, শহিদুল আজমের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখলসহ নানা অভিযোগ রয়েছে। ২০১৮ সালে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ফটিকছড়ির ১০ নম্বর সুন্দরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন। তার এসব কর্মকাণ্ডের কারণে আগের ৩টি মামলা এবং গত ৫ আগস্টের পর আরো ২টি মামলা হয়। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী এসব কাজে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিস্কার করার সুপারিশ করে উপজেলা বিএনপি।