নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় বিএনপি কার্যালয়ে ভাংচুর ও অগ্নিকাণ্ডের পর দেয়ালে ‘মরার জন্য প্রস্তত হ লিখে হুমকি’ দিয়েছে দূর্বৃত্তরা। বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চরসুবুদ্দির বাজারে বিএনপি কার্যালয়ে আসবাবপত্র ভাংচুরের পর আগুন দিয়ে সেগুলো পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা।
স্থানীয় দেয়া তথ্য মতে, গত রাতে তালা ভেঙে একদল দুর্বৃত্ত কার্যালয়ের ভেতরে প্রবেশ করে এবং কার্যালয়ে থাকা টিভি, চেয়ার-টেবিলসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে এবং দেয়ালে “জয় বাংলা,” “মরার জন্য অপেক্ষা কর” ইত্যাদি লিখে কার্যালয়ে আগুন লাগায়। পরে স্থানীয়রাব কার্যালয়ে আগুন জ্বলতে পানি, বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে চরসুবুদ্দির ইউনিয়ন বিএনপির সভাপতি দানিছ মিয়া বলেন, এ ঘটনার সঙ্গে কারা জড়িত জানি না। তবে, ধারণা করছি ফ্যাসিস্টের দোসররা এ ঘটনা ঘটাতে পারে। যারাই জড়িত থাকুক, তাদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি করছি।
রায়পুরা থানার ওসি তদন্ত প্রবীর কুমার ঘোষ বলেন, বিষয়টি আমরা শুনেছি। প্রাথমিক তদন্তও করেছি। তবে এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাই নি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।