জুলাই-আগস্ট অভ্যুত্থানে পরাজিত আওয়ামী লীগকে কোনোভাবেই বাংলাদেশে ফিরতে দিবেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) গাজীপুরে হামলায় আহত কাসেমের জানাজার সময় কেন্দ্রীয় শহীদ মিনারে এই কথা বলেছেন তিনি।
এসময় আখতার হোসেন বলেন, ভারতেই থাকুক আর যেখানেই থাকুক সকল শক্তি কাজে লাগিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি করতে হবে। যদি ফেয়ার ট্রায়াল হয় তাহলে এই ট্রায়ালেই শেখ হাসিনার সর্বোচ্চ সাজা নিশ্চিত করা সম্ভব।
অন্তর্বর্তীকালীন সরকারকে শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগের বিচার ও আন্দোলনের পক্ষের সকল শক্তির নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা এখনো আইনপ্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারি নি। আওয়ামী লীগকে বৈধতা দিতে যারা কাজ করছে তারা এখন চারপাশে কাজ করছে। তাদের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নিতে হবে।
এছাড়া, দ্রুততম সময়ের মধ্যে আইনগত প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আহ্বান তিনিও জানিয়েছেন।
এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, গণঅভ্যুত্থানের ৬ মাস পরেও শহীদের মিছিল শেষ হয়নি। আওয়ামী ফ্যাসিবাদের কবর না দেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।
যারা আওয়ামী ফ্যাসিবাদের পক্ষ নিয়ে বিভিন্ন জায়গায় জনমত তৈরির চেষ্টা করছেন তাদের গ্রেফতার করে বিচার করতে হবে। সরকার না পারলে বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা তা নিশ্চিত করবে।