মোঃ তানসেন আবেদীন (নারায়ণগঞ্জ প্রতিনিধি) :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া, মাদক মামলায় দুইজন ও ওয়ারেন্টভুক্ত দুইজনসহ মোট সাতজনকে আটক করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে সোনারগাঁ থানার পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রনি হাসান ওরফে রনি মোল্লা, জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. সোহান, জামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা ও হত্যা চেষ্টা মামলার ভিত্তিতে তিনজনকে, মাদক মামলায় দুইজনকে এবং ওয়ারেন্টভুক্ত আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।