রামপুরায় স্বৈরাচার পতন আন্দোলনের অন্যতম আন্দোলনকারী শারুল ইসলাম ইসনাত বৃহস্পতিবার রাত ১১:৩০ টায় সি ব্লকের ৯ নম্বর রোডে নৃশংস হামলার শিকার হন। মাদকের বিরুদ্ধে কথা বলায় শ্রমিকলীগ নেতার নেতৃত্বে এবং স্থানীয় কিশোর গ্যাং-এর সহযোগিতায় ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়, যার ফলে তার মাথায় গুরুতর জখম হয়।
ইসনাত মাদকবিরোধী কার্যক্রম এবং স্বৈরাচার পতন আন্দোলনের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। হামলার পর তিনি আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি হন। এই ঘটনা পুরো এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার করেছে। স্থানীয়দের অভিযোগ, মাদক ব্যবসায়ীদের অপকর্মের প্রতিবাদ করায় তাকে এই হামলার শিকার হতে হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পরে রামপুরা থানার সামনে একটি শান্তিপূর্ণ বিক্ষোভের আয়োজন করা হয়েছে। স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।