বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন এ আলোচনা চলছে ৫ আগস্টের পর থেকেই। তিনি দ্রুত দেশে ফিরবেন- এমন কথা বিএনপির অনেক নেতাই অনেক আলোচনায় বলেছেন। যদিও নির্দিষ্ট করে কেউই সঠিক তারিখ বলতে পারেননি। লন্ডনে অবস্থান করা তারেক রহমানও এখন পর্যন্ত নিজে কোনো কথা বলেননি বিষয়টি নিয়ে।
এদিকে দেশে এক এক করে বিভিন্ন মামলায় খালাস পাচ্ছেন তারেক রহমান। তার আইনজীবীরা বলছেন, আইনি প্রক্রিয়া মেনে সব মামলার নিষ্পত্তি হবে। আর নিষ্পত্তি না হলেও তারেক রহমান চাইলে যে কোনো সময় দেশে আসতে পারেন। তবে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের অনুমান, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখবেন।
তারেক রহমানের বিরুদ্ধে যে পাঁচটি মামলায় সাজা হয় তার মধ্যে একটিতে তিনি খালাস পেয়েছেন। বাকি চারটি মামলা বিচারাধীন। দ্রুত এসব মামলায় খালাস পেলে জানুয়ারি-ফেব্রুয়ারি নাগাদ তিনি দেশে ফিরতে পারেন বলে বিএনপিতে আলোচনা রয়েছে। এদিকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লিডার আসছে’ বলে প্রচারণা চালাচ্ছেন।
বিএনপিতে খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার তারিখ এখনো সুনির্দিষ্ট হয়নি। তার দেশে ফেরার ইস্যুটির একদিকে যেমন আইনি দিক রয়েছে, অন্যদিকে এটি রাজনৈতিক বিষয় বলেও মনে করছেন কেউ কেউ। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কখন বিদেশে যেতে পারেন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন দেশে ফিরতে পারেন-এ ব্যাপারে লন্ডন সফররত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফিরলে কিছুটা স্পষ্ট হতে পারে বলেও অনেকে ধারণা করছেন।