বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অন্তর্বর্তী সরকারকে নির্বাচন সংস্কারের প্রক্রিয়া দ্রুত করার আহ্বান জানিয়ে বলেন, “আমরা চাপ দিচ্ছি না, তবে অনুরোধ করছি যেন যৌক্তিক সময় নষ্ট না করা হয়।”
শুক্রবার কুমিল্লা টাউন হল মাঠে জামায়াতে ইসলামী কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আমরা স্পষ্টভাবে জানিয়েছি, এখানে সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু বলে কিছু নেই। এদেশে জন্ম নেওয়া প্রত্যেকেই গর্বিত নাগরিক। ‘সংখ্যালঘু’ শব্দটি কেবল কিছু গোষ্ঠীর স্বার্থ আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়।
কুমিল্লা বিভাগ প্রসঙ্গে জামায়াতে আমির বলেন, ‘কুমিল্লাবাসীকে কুমিল্লা নামে বিভাগ না দেওয়ার সিদ্ধান্ত জুলুম। কুমিল্লাবাসীর সম্মান ফিরিয়ে দিতে কুমিল্লা নামেই বিভাগ হওয়া উচিত, এটা তাদের হক।’
কুমিল্লা মহানগর জামায়াত ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে কর্মী সম্মেলনে আরও বক্তব্য রাখেন নায়েবে আমীর ডা. আবদুল্লাহ মো তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মো মাসুম, সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মোবারক হোসাইন। এ সময় জামায়াতের আমিরসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং কর্মীরা অন্তর্বর্তী সরকারের কাছে কুমিল্লা নামে বিভাগ এবং কুমিল্লা বিমানবন্দর বাস্তবায়নের দাবি জানান।