ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী বাছাইয়ে ভিন্নধর্মী অবস্থান নিয়েছে। আগামী ১২ মে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে দলটি ‘পরিবারতন্ত্র’ পরিহারের নীতি গ্রহণ করেছে।
এর ফলে দলের নির্বাচিত সংসদ সদস্যদের স্ত্রী, কন্যা বা নিকটাত্মীয়দের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী প্রস্তুতি চললেও জামায়াত অভ্যন্তরীণ প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থী নির্ধারণ করেছে। দলীয় সূত্র জানায়, ভোটের অনুপাতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মোট ১৩টি সংরক্ষিত আসন পাচ্ছে।
এর মধ্যে ১১টি আসনে জামায়াত নিজস্ব প্রার্থী চূড়ান্ত করেছে এবং বাকি দুটি আসন জোটের শরিকদের মধ্যে বণ্টনের বিষয়ে আলোচনা চলছে। একটি আসন এনসিপিকে দেওয়ার সিদ্ধান্ত প্রায় নিশ্চিত।
দলের মহিলা বিভাগ কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত যাচাই-বাছাই শেষে ১২ জনের একটি তালিকা জমা দেয়, যেখান থেকে ১১ জনকে চূড়ান্ত করা হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নুরুন্নেসা সিদ্দীকা, মারদিয়া মমতাজসহ কয়েকজনের নাম আলোচনায় রয়েছে।
এই সিদ্ধান্তের মাধ্যমে দলটি যোগ্যতা ও নেতৃত্বের ভিত্তিতে নারীদের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে চায় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।