জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অপরিহার্য। কারণ, আমরা পুরোনো পথে হাঁটতে চাই না। আবারও স্বৈরাচারী ব্যবস্থা দেখতে চাই না- এমনটাই জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)–এর সম্পাদক বদিউল আলম মজুমদার।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন কেন অপরিহার্য?’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
জানা যায়, বৈঠকটি আয়োজন করে সুজন। এতে রাজনৈতিক বিশ্লেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং নাগরিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
যে প্রক্রিয়ায় শেখ হাসিনা দানবে পরিণত হয়েছে, সেই প্রক্রিয়া ও সেই প্রতিষ্ঠান অব্যাহত থাকলে আবারও একই পরিণতি হবে বলে মন্তব্য করে বদিউল আলম বলেন,‘পুরোনো পদ্ধতিতে হাঁটলে নতুন গন্তব্যে পৌঁছানো যাবে না, এটা সুস্পষ্ট… মনে হচ্ছে, যেন বিএনপি পুরোনো পথেই হাঁটছে।’
বিএনপি জুলাই জাতীয় সদন বাস্তবায়ন করছে না জানিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের গঠন করা জাতীয় ঐকমত্য কমিশনের এই সদস্য বলেন, ‘তারা (বিএনপির সংসদ সদস্য) সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি। অনেকগুলো অধ্যাদেশ নিয়ে টালবাহানা করছে। গুরুত্বপূর্ণ বেশ কিছু অধ্যাদেশ বাতিল করছে। এর কারণ জাতীয় নির্বাচনে দুই–তৃতীয়াংশ ভোট পাওয়া কি না—সেই প্রশ্নও রাখেন তিনি।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, এটি জনগণের রায়ের পক্ষে এবং এটাই শেষ কথা। এতে কোনো যদি বা কিন্তুর সুযোগ নাই।
বৈঠকে সভাপতিত্ব করেন সাবেক বিচারপতি এম এ মতিন। এসময় আরও বক্তব্য দেন- সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহান প্রমুখ।