সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাওড়াঞ্চল ঘুরে দেখে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।
সুনামগঞ্জসহ অন্যান্য হাওড়ের জেলার কৃষকদের বাঁচাতে বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন করতে ফেসবুকে খোলা চিঠির মাধ্যমে তিনি আহ্বান জানান।
শুক্রবার সকালে শিশির মনিরের ভেরিফায়েড ফেসবুকে খোলা চিঠিতে লেখেন- ‘আমি জানি না এই চিঠি আপনার দৃষ্টিগোচর হবে কিনা! তথাপি বুক ভরা আশা নিয়ে আপনাকে লিখছি।
আমরা হাওড়পাড়ের মানুষ। একটিমাত্র ফসলই আমাদের জীবন। সেই ফসল জলাবদ্ধতার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। সমাধানের জন্য অনেকেই সাধ্যমতো চেষ্টা করছেন কিন্তু পারছেন না। আপনার মূল্যবান সময়। অনেক ব্যস্ত আপনি। অনেক কাজ আপনার হাতে। তবুও আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সুনামগঞ্জ-হবিগঞ্জ-কিশোরগঞ্জ-নেত্রকোনাসহ আশপাশের এলাকার জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ দরকার।’
তিনি অনুরোধ করে সুপারিশ করেন- ‘প্রধানমন্ত্রী কষ্ট করে হেলিকপ্টারে একবার ঘুরে আসতে পারেন। দরকার মনে করলে দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যদের কাজে লাগাতে পারেন। নিশ্চয়ই আপনার প্রশাসন আরও কার্যকর পদক্ষেপ নিতে পারবে।’
পরিশেষে তিনি বলেন, ‘আপনার শাসন আমলে খাল খনন কর্মসূচি শুরু করেছেন। আপনার বাবাও এই কাজের মাধ্যমে জনপ্রিয় হয়েছিলেন। আমাদের এলাকায় (দিরাই-শাল্লা) বেশি করে খাল খনন করা দরকার। অপরিকল্পিত বাঁধ অনেক ক্ষতি করছে। আমি আশা করি আপনি পারবেন ইনশাআল্লাহ।’
চিঠির শেষে নিজের ঠিকানা হিসেবে সুনামগঞ্জের শাল্লা উপজেলার দৌলতপুরের নাম লেখেন শিশির মনির।
তার এ চিঠি ফেসবুকে বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার লেখাকে সমর্থন করে নানা ধরনের পজিটিভ মন্তব্য করেছেন।