ঢাকা, সিলেট ও রাজশাহীসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
ঘোষণা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী করা হয়েছে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াকে। ঢাকা উত্তর সিটিতে প্রার্থী হয়েছেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
এছাড়া রাজশাহী সিটি করপোরেশনে মহানগর আহ্বায়ক মোবাশ্বের আলী, সিলেট সিটি করপোরেশনে মহানগর আহ্বায়ক আব্দুর রহমান আফজাল এবং কুমিল্লা সিটি করপোরেশনে যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলামকে প্রার্থী করা হয়েছে।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তিনি আরও জানান, খুব শিগগিরই বাকি সিটি করপোরেশন ও অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীদের নামও ঘোষণা করা হবে।
এ সময় দলের সদস্য সচিব আখতার হোসেন আগামী ছয় মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্নসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো— ছয় মাসের মধ্যে সব পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন শেষ করতে হবে; উপজেলা,
পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রশাসক নিয়োগ দেওয়া যাবে না; প্রশাসকের দায়িত্বে থাকা কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবে না; দলীয় প্রতীকে নির্বাচন না করে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে; এবং সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।