সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে ‘এক্সট্রা অর্ডিনারি ইঞ্জিনিয়ারিং’ হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এ বিষয়ে বিচার আল্লাহর ওপর ছেড়ে দেওয়া হয়েছে।
শুক্রবার খুলনায় এক শিক্ষাশিবিরে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, জনরায়কে নানা কৌশলে পরিবর্তন করা হয়েছে। “আমরা আল্লাহর দরবারে বিচার দিয়েছি, তিনিই এর ফয়সালা করবেন,”—যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে তাদের আপত্তি থাকলেও দেশের শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে দলটি ফলাফল মেনে নিয়েছে। তবে এর অর্থ এই নয় যে, অনিয়ম বা অন্যায়কে তারা সমর্থন করছে।
মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, নির্বাচনে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হয়নি এবং পুরো প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের কারসাজি হয়েছে।
বক্তব্যে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের প্রত্যাশা পূরণের আহ্বান জানান। একই সঙ্গে গণতন্ত্রকে শক্তিশালী করতে জনগণের মতামতের সঠিক প্রতিফলন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।