জুলাই সনদ বাস্তবায়ন না হলে সংসদে থেকেই সরকারের বিরোধিতা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী—এমন মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সাইফুল আলম খান মিলন বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলেও জামায়াতে ইসলামী সংসদ বর্জন করবে না। বরং সংসদে থেকেই তারা সরকারি দলের সমালোচনা ও বিরোধিতা চালিয়ে যাবে।
তিনি আরও বলেন, সংসদে জুলাই সনদ বাস্তবায়ন না হলে তা জাতির জন্য হতাশাজনক হবে। এই সংসদকে ঘিরে মানুষের প্রত্যাশা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি, কারণ এটি জুলাই আন্দোলনের পর গঠিত হয়েছে।
জুলাই সনদ বাস্তবায়নকে সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সরকারি দল এখনো এ বিষয়ে সুস্পষ্ট অঙ্গীকার করেনি। এ নিয়ে বিভিন্ন আলোচনা চলছে এবং একটি প্রস্তাব আনার প্রস্তুতিও রয়েছে।
তিনি জানান, গণভোট সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের প্রস্তাবসহ কিছু বিষয় নিয়ে দলীয়ভাবে আলোচনা করা হয়েছে।
সাইফুল আলম খান মিলন বলেন, ঐকমত্য কমিশনে যেসব বিষয়ে একমত হওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছে। এখন কেউ যদি সেখান থেকে সরে আসে, তাহলে তা জাতির জন্য লজ্জার বিষয় হবে।