পরিবার স্বজনদের সঙ্গে পবিত্র রমজান ও ঈদুল ফিতর পালন শেষে যুক্তরাজ্যে গেলেন প্রধানমন্ত্রীর স্ত্রী বিশিষ্ট চিকিৎসক ডা. জোবাইদা রহমান।
রবিবার (২২ মার্চ) সকালে বাংলাদেশ বিমানের বিজি-২০১ নম্বর ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যে রওনা হয়েছেন ডা. জোবাইদা রহমান।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান যুক্তরাজ্য রওনা হয়েছেন বলে শুনেছি। তবে নিশ্চিত বলতে পারছি না।
এরআগে শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান, কন্যা ব্যরিস্টার জাইমা রহমানসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেন জোবাইদা রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সস্ত্রীক সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরে স্ত্রী, সন্তান, ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রী সন্তানদের নিয়ে শেরেবাংলা নগরে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তারেক রহমান।