অপ্রয়োজনীয় মন্তব্য পরিহার ও ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
প্রতিপক্ষ নিয়ে বিভিন্ন সময়ে মন্তব্য করে আলোচনায় থাকা এই নেতা এবার সংযত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, গত কয়েক দিনে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী-এমপি এবং সহযোদ্ধাদের সঙ্গে তার গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
সেখান থেকে তিনি ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় কথাবার্তা কমানো এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়ার পরামর্শ পেয়েছেন।
তিনি বলেন, এসব পরামর্শ তিনি বিনয়ের সঙ্গে গ্রহণ করেছেন এবং ভবিষ্যতে আরও শান্ত ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে এগিয়ে যেতে চান। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতিতে নিজের সামর্থ্য অনুযায়ী অবদান রাখতে চান বলেও উল্লেখ করেন তিনি।
পোস্টে পাটওয়ারী আরও বলেন, তার কোনো বক্তব্য বা আচরণে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন। সবার দোয়া, ভালোবাসা ও পরামর্শই তার পথচলার শক্তি বলে উল্লেখ করেন তিনি।
এছাড়া তিনি জানান, ধানমন্ডির তাকওয়া মসজিদে কিয়ামুল লাইল আদায়ের মাধ্যমে তিনি এই আত্মিক পরিবর্তনের যাত্রা শুরু করেছেন। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সবার জন্য সঠিক পথের দিকনির্দেশনা কামনা করেন তিনি।