মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালার একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
শুক্রবার বিকেলে শিবচর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর মাঠে আয়োজিত একটি ইফতার মাহফিলে দেওয়া তার বক্তব্যের চার মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ শুক্রবার রাত থেকে ফেসবুকে ভাইরাল হতে থাকে।
ভিডিওটিতে হানজালা বলেন, তিনি শান্তিপূর্ণ রাজনীতি করতে চান এবং শিবচরের সব মানুষকে নিয়ে কাজ করতে চান। তবে বিএনপির কিছু নেতাকর্মীর সমালোচনার জবাবে তিনি বলেন, তার চুপ করে থাকা দুর্বলতা নয়।
তিনি দাবি করেন, তিনি যদি বিএনপিকে খোঁচাখুঁচি করেন তাহলে দলটি দেশে থাকতে পারবে না। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, তিনি শিবচরের মানুষকে বাকস্বাধীনতা দিয়েছেন এবং তার বিরুদ্ধে সমালোচনা করার সুযোগও রেখেছেন।
তার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, একজন সংসদ সদস্যের কাছ থেকে এমন মন্তব্য প্রত্যাশিত নয়।
এদিকে শিবচর উপজেলা বিএনপির সদস্যসচিব মো. সোহেল রানা অভিযোগ করে বলেন, বর্তমান এমপি শিবচরে উগ্র রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাইছেন। তার মতে, এ ধরনের বক্তব্য স্থানীয় শান্তিপূর্ণ পরিবেশকে উত্তপ্ত করে তুলতে পারে।