বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব এবং রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।
শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গিয়ে তার সুস্থতা কামনা করে এমন মন্তব্য করেন তিনি।
আখতার হোসেন বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মির্জা আব্বাস গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আশা করি, দ্রুত সুস্থ হয়ে তিনি সংসদে ফিরবেন এবং দলীয় কার্যক্রমে আবারও অংশ নেবেন। উনার পরিবারের সঙ্গে কথা হয়েছে, পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।
এনসিপির এই সদস্যসচিব বলেন, রাজনীতিতে আলোচনা-সমালোচনা থাকবেই, তবে এর বাইরে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে হবে। এ সময় রাজনৈতিক মতানৈক্য যেন ফ্যাসিবাদের রাজনীতিতে ফিরে না যায়, সেজন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি।