ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করা হয়েছিল বলে দাবি করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। রোববার (৮ মার্চ) রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
নাছির উদ্দীন নাছির বলেন, হাদি হত্যাকাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর শেখ ভারতে গ্রেফতার হয়েছেন। ভারতের বিভিন্ন গণমাধ্যম, বিশেষ করে আনন্দবাজার পত্রিকায় এ সংক্রান্ত খবর প্রকাশ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তার দাবি, হত্যাকাণ্ড ঘটানোর কয়েক ঘণ্টার মধ্যেই ঘাতকরা ভারতে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্তদের কেউ গ্রেফতার হয়নি। বরং এই ঘটনাকে কেন্দ্র করে কিছু নৈরাজ্যবাদী দুষ্টচক্র নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করেছিল। তবে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মধ্যেই ভারতে প্রধান দুই আসামির গ্রেফতার হওয়া একটি তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মন্তব্য করেন তিনি।
নাছির উদ্দীন নাছির জানান, বিএনপি হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। নির্বাচনী ইশতেহারেও এ বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তিনি আশা প্রকাশ করেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকার গ্রেফতার হওয়া অভিযুক্তদের বাংলাদেশে ফিরিয়ে দেবে এবং সরকার এ বিষয়ে জোরালো কূটনৈতিক উদ্যোগ নেবে।