আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতেই বিএনপিকে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ গ্রহণ এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। অন্যথায় জাতীয় নাগরিক পার্টি ও তাদের মিত্র ১১ দল কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
শনিবার (৭ মার্চ) বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে বিভাগীয় ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আগামী ১২ তারিখ সংসদের অধিবেশন শুরুতেই সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে তাদের (বিএনপি) শপথ নিতে হবে এবং ফ্যাসিস্টের রাষ্ট্রপতিকে অপসারণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর বিচ্যুতি ঘটলে জাতীয় নাগরিক পার্টি ও ১১ দলকে বিকল্প চিন্তা করতে হবে।’
তিনি অভিযোগ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন হলেও সেটিকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। সরকারি দল একটি শপথ নিয়ে জুলাই আকাঙ্ক্ষার প্রতিশ্রুতির সাথে বেঈমানি করেছে। তারা জুলাই সনদের আদেশ ও গণভোটের বৈধতা নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং আদালতের ওপর চাপ প্রয়োগ করছে।