বিএনপির নেতাকর্মীদের সংযত ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না যাতে দলের সুনাম ক্ষুণ্ন হয় বা জনগণের মনে কষ্ট তৈরি হয়।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর পুরান ঢাকার ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করেছে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। জনগণ ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে, তাই তাদের প্রত্যাশা পূরণে সততা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, বিগত সময়ের শাসনামলে জনগণের ওপর নির্যাতন চালানো হয়েছে, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে এবং দুর্নীতির কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। সেই পরিস্থিতি থেকে দেশকে বের করে আনতে বর্তমান সরকার কাজ করছে।
দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এই অবস্থান অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।