সারা দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমানের (মুগ্ধ) ভাই মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ)।
বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ মন্তব্য করেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক এই প্রধান নির্বাহী কর্মকর্তা।
মীর স্নিগ্ধ লিখেছেন, নিশ্চিতভাবেই বাংলাদেশে রাজনীতিতে একটি তৃতীয় শক্তির আবির্ভাব ঘটেছে, যা প্রচলিত দ্বিমুখী রাজনৈতিক কাঠামোর বাইরে নতুন এক সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।
তিনি লিখেছেন, সারা দেশে এনসিপির জনপ্রিয়তা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তা কেবল একটি দলের উত্থান নয়; বরং এটি তরুণ প্রজন্মের মানসিকতা, প্রত্যাশা ও রাজনৈতিক চেতনার পরিবর্তনের প্রতিফলন।
মীর স্নিগ্ধ লিখেছেন, যদি আগামী পাঁচ বছর ধরে এই জনসমর্থন সংগঠিত, নীতিনিষ্ঠ ও কর্মসূচিভিত্তিক রাজনীতির মাধ্যমে ধরে রাখা যায়, তাহলে বর্তমান প্রজন্মের কাছে এনসিপি একটি প্রাতিষ্ঠানিক বিকল্প শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে-যা অন্য দলগুলোর জন্য রাজনৈতিক সমীকরণ নতুন করে ভাবার কারণ হয়ে দাঁড়াবে। দীর্ঘমেয়াদে বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ।
তিনি লিখেছেন, আজ থেকে ১০ বা ১৫ বছর পর, যখন জেনারেশন জেড কেবল ভোটার নয়, বরং নীতি-নির্ধারক, অর্থনৈতিক ও সামাজিক নেতৃত্বের ভূমিকায় থাকবে, তখন তাদের রাজনৈতিক অভিজ্ঞতা, আদর্শিক ঝোঁক এবং মূল্যবোধ দেশের ক্ষমতার কাঠামোকে প্রভাবিত করবে।
মীর স্নিগ্ধ লিখেছেন, রাজনীতি তখন কেবল ব্যক্তিকেন্দ্রিক বা ঐতিহ্যনির্ভর থাকবে না; বরং অংশগ্রহণমূলক, জবাবদিহিমূলক ও নীতিনির্ভর কাঠামোর দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা তৈরি হবে। সেই প্রেক্ষাপটে, আগামী দিনের রাজনৈতিক প্রাধান্য নির্ধারিত হবে কে কতটা সময়োপযোগী ধারণা, সাংগঠনিক সক্ষমতা ও প্রজন্মগত সংযোগ তৈরি করতে পারে তার ওপর।