ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াউ সোয়ে মোয়ে এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মামুনুল হক। বুধবার রাজধানীর মিয়ানমার দূতাবাসে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিসের একটি প্রতিনিধিদল অংশ নেয়।
বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর সম্মানজনক, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন প্রসঙ্গ গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা মামুনুল হক বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। তিনি আশা প্রকাশ করেন, মিয়ানমারে নতুন সরকার গঠনের প্রেক্ষাপটে ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এ সুযোগে প্রত্যাবাসন প্রক্রিয়ায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
রাষ্ট্রদূত ইউ কিয়াউ সোয়ে মোয়ে রোহিঙ্গা ইস্যুকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি জানান, আলোচনায় উত্থাপিত বিষয়গুলো তার সরকারের কাছে যথাযথভাবে উপস্থাপন করবেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন ও পররাষ্ট্র বিষয়ক সচিব ফারিদ খান। মিয়ানমার দূতাবাসের পক্ষে ডেপুটি চিফ অব মিশন হেত মিয়াত লুইন উপস্থিত ছিলেন।
উভয় পক্ষ ভবিষ্যতেও পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখা এবং সংলাপের মাধ্যমে বিষয়গুলোর অগ্রগতি সাধনে একমত হন।