রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট-এর লতিফ ছাত্রাবাসে সংঘর্ষের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। মঙ্গলবার (৩ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ছাত্রদলের ওপর হামলা হলে এর জবাব দেওয়া হবে।
রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে-এর নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রাবাসের কক্ষে ঢুকে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে ছাত্রদলের এক কর্মীকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয় এবং আরও কয়েকজন আহত হন। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ছাত্রদল সভাপতি আরও বলেন, অতীতে বহুবার তাদের নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন। “ছাত্রদলের রক্ত ঝরালে রক্তের বদলা নেওয়া হবে”—এমন হুঁশিয়ারিও দেন তিনি।
এর আগে রাত ১টার দিকে লতিফ ছাত্রাবাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ছয় শিক্ষার্থী গুরুতর আহত হন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে-এ ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।