সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রাষ্ট্রের অভ্যন্তরীণ ও গোপনীয় বিষয় প্রকাশ করে রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দলটির এক বিবৃতিতে এ অভিযোগ তোলা হয়।
বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সাক্ষাৎকারে মো. সাহাবুদ্দিন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয় জনসমক্ষে তুলে ধরেছেন।
তার মতে, রাষ্ট্রপতির পদ দেশের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্বপূর্ণ অবস্থান; এ পদে থাকা ব্যক্তির বক্তব্য রাষ্ট্রীয় শপথ ও গোপনীয়তার নীতির সঙ্গে সংশ্লিষ্ট।
তিনি দাবি করেন, এ ধরনের বক্তব্য জাতির মধ্যে বিভ্রান্তি, বিতর্ক ও অনিশ্চয়তা তৈরি করেছে এবং রাষ্ট্রের মর্যাদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দায়িত্বশীল ব্যক্তিদের সংযত ও পরিমিত বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থা অটুট রাখতে সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা জরুরি।