পিলখানা হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে রাষ্ট্রপতিকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানানোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ সেনা দিবসে মো. সাহাবুদ্দিন ও তারেক রহমান বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। এ সংক্রান্ত ছবি শেয়ার করে ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানান সারজিস।
তিনি দাবি করেন, পিলখানা হত্যাকাণ্ডে বাংলাদেশ আওয়ামী লীগ জড়িত ছিল এবং সেই দলের রাষ্ট্রপতিকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানানো ঘটনাটিকে “মশকরা” করার শামিল। পোস্টে তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনে সমঝোতার মাধ্যমে সরকার গঠন করা হয়েছে।
সারজিস আলম বলেন, অতীতে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের জন্য দায়ী শক্তির পুনর্বাসন হলে এর রাজনৈতিক দায় নেতৃত্বকেই নিতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে কোনো সহিংসতা ঘটলে তার দায় সংশ্লিষ্টদের ওপরই বর্তাবে।