পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাপ্রধান মইন ইউ আহমেদ জড়িত ছিলেন বলে অভিযোগ করেছেন রফিকুল ইসলাম খান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকায় এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন। সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ।
রফিকুল ইসলাম খান বলেন, এটি শুধু হত্যাকাণ্ড নয়; এর পেছনে গভীর ষড়যন্ত্র ছিল। তিনি দাবি করেন, প্রকৃত পরিকল্পনাকারীদের এখনো বিচারের আওতায় আনা হয়নি। যেসব বিডিআর সদস্য দীর্ঘদিন কারাবন্দি ছিলেন, তাদের অনেকেই নিরপরাধ বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, পিলখানা হত্যাকাণ্ডের বিচার রহস্যের আবর্তে ঘুরপাক খাচ্ছে। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।