দেশের একটি সংবাদমাধ্যমে দেওয়া মো. সাহাবুদ্দিন–এর সাক্ষাৎকার ঘিরে চলমান আলোচনার মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ছাত্রশক্তির সেহরি আয়োজন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “এখন বয়ান তৈরি করে মানুষকে ভুল বোঝানোর সুযোগ নেই।”
আসিফ মাহমুদ দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় রাষ্ট্রপতিকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং সে সময় রাজনৈতিক বাস্তবতায় নির্দিষ্ট বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রপতির সাম্প্রতিক বক্তব্যে এক ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, এসব বিষয় সামনে আসায় জনগণ অতীতের রাজনৈতিক সম্পর্ক ও নির্ভরতার চিত্র স্পষ্টভাবে জানতে পারছে।
এনসিপির এই মুখপাত্র আরও বলেন, জনগণ এখন অনেক বেশি রাজনৈতিকভাবে সচেতন; তাই ফ্রেমিং বা বয়ান দিয়ে বিভ্রান্ত করার সুযোগ নেই। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতির কথাও জানান তিনি। দ্রুত নির্বাচনের রূপরেখা ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, সংসদ ও রাজপথ—উভয় জায়গাতেই জুলাই সনদ বাস্তবায়নে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।