আখতার হোসেন বলেছেন, সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হলে জনগণ আবারও রাজপথে নামবে—“চব্বিশের মতো।” মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কাউনিয়ার মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১১ দলীয় জোটের গণসংবর্ধনা ও গণইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করছে। নির্বাচনের আগে গণতন্ত্রের প্রশ্নে একসঙ্গে আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এখন বিএনপির অবস্থান অস্পষ্ট এবং বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগ উঠছে।
গণভোট ও জুলাই সনদের প্রসঙ্গ টেনে আখতার হোসেন বলেন, গণঅভ্যুত্থান ও গণভোটের মধ্য দিয়েই বর্তমান সরকার গঠিত হয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনগণের যে রায় এসেছে, তা উপেক্ষা করার সুযোগ নেই। তিনি দাবি করেন, বিএনপি সরকার যত ভোটে নির্বাচিত হয়েছে, তার চেয়ে বেশি মানুষ গণভোটের পক্ষে মত দিয়েছে।
সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হলে জনগণ কঠোর আন্দোলনে যাবে। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন।