পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, এবারের জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ নির্বাচন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এবং জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
মাসুদ সাঈদী বলেন, বাংলাদেশের নির্বাচন মানেই অতীতে সহিংসতা, মামলা ও আতঙ্কের পরিবেশ থাকত। তবে এবারের নির্বাচনে সারা দেশে কোনো রক্তক্ষয়ী ঘটনা ঘটেনি, যা ইতিবাচক দৃষ্টান্ত। এজন্য তিনি অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনকে ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার মূল লক্ষ্য ছিল শোষণ-বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা। কিন্তু দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, ফ্যাসিবাদ ও স্বৈরশাসনের কারণে সেই লক্ষ্য পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হয়নি। নির্বাচন কমিশন ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টায় এবারের নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।