ময়মনসিংহ-১০(গফরগাঁও) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্ছু বলেছেন, গফরগাঁওয়ে কেউ চাঁদা নিতে এলে তাকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে পুলিশে ধরিয়ে দেবেন। অথবা আমাকে ফোন দেবেন। গফরগাঁও উপজেলায় চাঁদাবাজের কোনো স্থান থাকবে না।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে গফরগাঁও পৌরশহরের পন্ডিত পাড়া এলাকায় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আক্তারুজ্জামান বাচ্ছু বলেন, চাঁদাবাজরা কোনো দলের না। তার পরিচয় সে চাঁদাবাজ।
তিনি বলেন, কেউ চাঁদা নেওয়ার চেষ্টা করলে সাধারণ মানুষ তাকে আটকে রাখবে এবং পরে পুলিশে সোপর্দ করবে। চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শপথ নেওয়ার পর নিজ এলাকা গফরগাঁও, পাগলা এবং পৌর শহরের বিভিন্ন হাটবাজার পরিদর্শন করছেন আক্তারুজ্জামান বাচ্ছু। তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের আশ্বাস দিচ্ছেন।
এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি বাবু দিলীপ কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী অনিল রায়, শৈলেন্দ্র চন্দ্র ভৌমিক, রনদা প্রসাদ মিশ্র প্রমুখ।