কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয় খোলা শুরু করেছে—এমন অভিযোগ তুলে সংস্কার ও বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ–কে ট্যাগ করে দেওয়া এক পোস্টে তিনি এ প্রসঙ্গ তোলেন।
পোস্টে নাসীরুদ্দীন লিখেছেন, ‘হাসনাত আব্দুল্লাহ কই? লীগ তো দোকান খোলা শুরু করছে। নির্বাচন তো হইলো, এইবার সংস্কার আর বিচার হইব্বে।’ তার এ বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।
এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা–র নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। পরে ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের অধীনে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট।
উল্লেখ্য, ওই নির্বাচনে হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ আসন থেকে জয়ী হলেও ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন নাসীরুদ্দীন পাটওয়ারী। বর্তমান প্রেক্ষাপটে সংস্কার ও জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনার বিচার প্রশ্নে রাজনৈতিক অঙ্গনে চাপ বাড়ছে।