ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা মো. আবু তালিবের সরাসরি হস্তক্ষেপে কালীগঞ্জ শহরের প্রধান বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিনের চাঁদাবাজি বন্ধ হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে তিনি নিজেই ঘটনাস্থলে গিয়ে স্থানীয় যানবাহন চালকদের কাছ থেকে জোরপূর্বক টোল আদায় বন্ধের নির্দেশ দেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে কালীগঞ্জ শহরের বিভিন্ন সড়কে একশ্রেণির লোক টোলের নামে খেটে খাওয়া যানবাহন চালকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করে আসছিল। বিশেষ করে বাসস্ট্যান্ড ও এর আশপাশের এলাকায় প্রতিদিন ইজিবাইক, ইঞ্জিনচালিত ভ্যান, আলমসাধু ও নছিমন চালকদের কাছ থেকে নির্দিষ্ট হারে টাকা নেওয়া হতো। এই চাঁদাবাজির কারণে স্থানীয় শ্রমজীবী মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ও দুর্ভোগ দেখা দিয়েছিল।
শনিবার সকালে চাঁদা তোলার অভিযোগ পেয়ে সংসদ সদস্য আবু তালিক নিজেই বাসস্ট্যান্ড এলাকায় যান। সেখানে গিয়ে তিনি ইজিবাইক, ইঞ্জিনচালিত ভ্যান ও আলমসাধু চালকদের কাছ থেকে টোল আদায়ের ঘটনা প্রত্যক্ষ করেন।
এ সময় তিনি চাঁদা আদায়কারীদের কাছে বৈধ কাগজপত্র ও সরকারি অনুমোদন দেখতে চাইলে তারা কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি। পরে তিনি তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে রসিদ জব্দ করে চাঁদা তোলা বন্ধের নির্দেশ দেন।
এ বিষয়ে সংসদ সদস্য মাওলানা মো. আবু তালিব বলেন, প্রশাসনের বৈধ অনুমতিপত্র বা সরকারি রসিদ ছাড়া কোনো শ্রমিকের কাছ থেকে অর্থ আদায় করা যাবে না। খেটে খাওয়া মানুষের ঘামের টাকায় পকেট ভারী করার সুযোগ আর থাকবে না। এখন থেকে এই স্ট্যান্ডে কোনো চাঁদাবাজি চলবে না।
তিনি আরও বলেন, শহরের বিভিন্ন এলাকায় ভ্যান, রিকশা, ইজিবাইক, আলমসাধু ও নছিমন থেকে চাঁদা আদায়ের অভিযোগ তিনি আগে থেকেই পাচ্ছিলেন। তাই তিনি নিজেই ঘটনাস্থলে গিয়ে এ অবৈধ কার্যক্রম বন্ধ করেছেন। ভুক্তভোগী যানবাহন চালকরা এমপির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, দীর্ঘদিনের চাঁদাবাজির কবল থেকে তারা মুক্তি পেয়েছেন।