রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি-এর সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, বিএনপি একদিকে ‘ফ্যামিলি কার্ড’-এর কথা বলে সাধারণ মানুষের সহমর্মিতা পাওয়ার চেষ্টা করছে, অন্যদিকে বিরোধীদলীয় নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা চালাচ্ছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) রংপুরের হারাগাছ এলাকায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত দলীয় কর্মীদের বাড়ি পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আখতার হোসেন দাবি করেন, নির্বাচন পরবর্তী সময়ে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেছে। তিনি এসব ঘটনার ক্ষতিপূরণ ও দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সে বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে। পাশাপাশি অবহেলিত হারাগাছ এলাকার উন্নয়নে সরকারি বরাদ্দ এনে কাজ করার আশ্বাস দেন তিনি।