‘ইনকিলাব’, ‘ইনসাফ’ ও ‘আজাদী’ শব্দগুলোকে জুলাই গণঅভ্যুত্থানের ভাষা-সম্পদ আখ্যা দিয়ে জনপরিসরে এগুলোর ব্যাপক চর্চার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় এসব ঐতিহাসিক আরবি-ফারসি শব্দ জনমানসে প্রতিবাদের স্ফুলিঙ্গ জ্বালিয়েছে। এগুলোর বিরুদ্ধে সমালোচনাকে তিনি ‘সাংস্কৃতিক ফ্যাসিবাদী’ মানসিকতার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন। তার ভাষ্য, ব্রিটিশবিরোধী আন্দোলনসহ বিভিন্ন ঐতিহাসিক পর্বে এসব শব্দ রাজনৈতিক ভাষা ও প্রেরণা জুগিয়েছে।
তিনি আরও বলেন, জুলাইয়ের গণস্বীকৃত স্লোগানগুলোকে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে বিতর্কিত করার চেষ্টা হলে শান্তিপূর্ণ প্রতিবাদ গড়ে তুলতে হবে। একই সঙ্গে গণমাধ্যম ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে সক্রিয়দের আরও প্রস্তুত ও সংগঠিত হওয়ার আহ্বান জানান তিনি।