জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। তাই এই গণভোটকে অস্বীকার করা মানে জুলাই আন্দোলনকে অস্বীকার করা এবং তা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উল্লাপাড়া পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। তিনি দাবি করেন, জুলাই আন্দোলন না হলে তিনি উল্লাপাড়ায় আসতে কিংবা সংসদ সদস্য হতে পারতেন না।
রফিকুল ইসলাম খান বলেন, যারা এখন সরকারে আছেন তারাও একসময় আন্দোলনে ছিলেন। অথচ এখন কেউ কেউ গণভোটের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলছেন। তিনি সতর্ক করে বলেন, জুলাই বিপ্লব বাংলাদেশের মানুষের চেতনার সঙ্গে সম্পৃক্ত। এ আন্দোলনে বহু মানুষ প্রাণ দিয়েছেন ও আহত হয়েছেন। তাই এ বিষয়ে কোনো ধরনের তামাশা বা অবমূল্যায়ন মেনে নেওয়া হবে না।