বায়ান্নর ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইংরেজি তারিখের পরিবর্তে বাংলা পঞ্জিকা অনুযায়ী পালনের প্রস্তাব দিয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। শনিবার (২১ ফেব্রুয়ারি) পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ প্রস্তাব উত্থাপন করেন।
তিনি বলেন, ভাষা আন্দোলনের ঐতিহাসিক দিনটি ছিল ৮ ফাল্গুন। অথচ আমরা এখনো দিবসটি ২১ ফেব্রুয়ারি অনুযায়ী পালন করছি। তাঁর মতে, বাংলা ভাষার জন্য আত্মদানকারী শহীদদের প্রতি পূর্ণ সম্মান জানাতে বাংলা তারিখ ৮ ফাল্গুনকে গুরুত্ব দেওয়া উচিত। বর্তমান সরকার জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে গঠিত হয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, বিষয়টি সরকার গুরুত্বসহকারে বিবেচনা করবে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সাইদ। উপস্থিত ছিলেন আহম্মদ সোহেল মনজুর ও পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।