তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হবে। প্রথমে অর্থ সহায়তা প্রদান করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য সুবিধা যুক্ত করা হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ক্ষমতার এই পালা বদলের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, আই হ্যাভ এ প্লান, আমরা সেই প্লানের মাধ্যমে ধীরে ধীরে এগিয়ে যাবো। আমাদের সেই পরিকল্পনা হচ্ছে। আমরা নারীদের ক্ষমতায়ন করতে চাই।
তাদের পিছিয়ে রেখে এই কাজ চলতে পারে না। আমরা তাই ফ্যামিলি কার্ড দিতে চাই। আমরা অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম গ্রহণ করেছি। ইনশাআল্লাহ, এই মাসের মধ্যেই আমরা ফ্যামিলি কার্ড বণ্টনের কাজ শুরু করতে যাচ্ছি।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৪ কোটি ১০ লাখ পরিবার আছে, যদি প্রতিটি পরিবারে এই কার্ড পৌঁছাতে পারি তাহলে এই পরিবারের নারীরাই হবে এই কার্ডের মালিক। আমরা শুরুতে একটা নির্দিষ্ট পরিমাণের অংক দিয়ে শুরু করবো, তারপরে ধারাবাহিকভাবে আমরা অন্যান্য সম্ভাবনাগুলোকে বাড়াতে থাকবো।
তিনি আরও বলেন, জলবায়ু মোকাবেলা, বেকারত্ব দূর করাসহ নানা কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে নেয়া হচ্ছে। তবে কোনো পরিকল্পনাই বাস্তবায়ন হবে না যদি গণমাধ্যমকে সঠিকভাবে সুষ্ঠুভাবে কাজ করতে দেয়া না হয়। আমি তাই গণমাধ্যমের অভিভাবক হতে চাই। যাতে জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
এ সময় তিনি ওয়েজবোর্ড আপডেট করাসহ সাংবাদিকদের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান।