কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমবারের মতো শ্রদ্ধা জানানোয় জামায়াতে ইসলামীর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার-এ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ববি হাজ্জাজ বলেন, একটি রাজনৈতিক দল যদি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে পথচলা শুরু করতে চায়, সেটিকে ইতিবাচকভাবেই দেখা উচিত। তিনি উল্লেখ করেন, “প্রথমবার শহীদ মিনারে এসেছে, সেজন্য তাদের সাধুবাদ জানাই। সবাই ভুল করতে পারে। যদি তারা সেই ভুল সংশোধন করে নতুনভাবে শুরু করতে চায়, তাহলে সেই উদ্যোগকে স্বাগত জানানো উচিত।”
নতুন সরকারের অধীনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন প্রসঙ্গে তিনি বলেন, এবারের অভিজ্ঞতা তাঁর জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। একজন মন্ত্রিপরিষদ সদস্য হিসেবে এবং দলীয় প্রতিনিধি হিসেবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে তিনি আনন্দিত। তাঁর ভাষায়, গণতান্ত্রিক সরকার ব্যবস্থার অধীীনে শহীদদের স্মরণ করার সুযোগ পাওয়া নিঃসন্দেহে গর্বের বিষয়।
তিনি আরও বলেন, অতীতেও প্রতিবছর শহীদ মিনারে গিয়েছেন, তবে এবারের অনুভূতি ভিন্ন। কারণ, জনগণের ভোটে নির্বাচিত সরকারের অংশ হয়ে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার সুযোগ তাঁকে বাড়তি দায়িত্ববোধ ও সম্মানের অনুভূতি দিয়েছে।
নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৩ প্রসঙ্গে তিনি বলেন, মোহাম্মদপুর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তিনি বদ্ধপরিকর। যে বদনাম দীর্ঘদিন ধরে এলাকায় রয়েছে, তা দ্রুতই দূর করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।