অমর একুশে, মহান ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। রক্তস্নাত মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হলো। একই দিনে ফুল হাতে নিয়ে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে রয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর শাখার চারজন নেতাকর্মী। ভাষাশহীদদের নামে স্লোগান দিচ্ছেন তারা। সম্প্রতি তাদের ফুল দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মধ্যরাতে শহীদ মিনারে ফুল দেওয়ার এই ভিডিও ও ছবি নিজের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা মহিবুল হাসান চৌধুরী ফেসবুক পেজে শেয়ার করেছেন।
২২ সেকেন্ডের সেই ভিডিও ও ছবি আপলোড করে লেখা হয়- ‘চট্টগ্রাম নগর ছাত্রলীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রনি মির্জার পক্ষ থেকে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধা।’
ফুল দিতে যাওয়া চারজনকে ‘ভাষাশহীদের স্মরণে, ভয় করি না মরণে’, ‘ইসলামিয়া কলেজ ছাত্রলীগ, নেতা মোদের শেখ মুজিব’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দেখা যায়।
তবে সেই ভিডিওটি কোথা থেকে এবং কবে ধারণ করা হয়েছে তা স্পষ্ট হওয়া যায়নি। এমনকি শহীদ মিনারের অবস্থান কোথায় সেটিও উল্লেখ করা হয়নি পোস্টে।