ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম (ব্যারিস্টার আরমান) ঘোষণা দিয়েছেন, সরকারি উন্নয়ন বরাদ্দ ও ব্যয়ের বিস্তারিত হিসাব প্রতি ছয় মাস অন্তর গণশুনানির মাধ্যমে জনগণের সামনে উপস্থাপন করবেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আয়োজিত গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। নবনির্বাচিত এই সংসদ সদস্যকে অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে তিনি ঢাকা-১৪ আসনকে ‘চাঁদাবাজমুক্ত’ এলাকা হিসেবে ঘোষণা করেন। কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, এলাকায় কোনো ধরনের চাঁদাবাজির ঘটনা ঘটলে তা কঠোরভাবে দমন করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় কমিটি গঠনের কথাও জানান তিনি।
মানুষের সেবা করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ব্যারিস্টার আরমান বলেন, “কে কোন দলের বা মতাদর্শের, সেটি বিবেচ্য নয়। আমরা জনগণের সেবা করতে এসেছি। দল-মত নির্বিশেষে সবার জন্য আমাদের দুয়ার খোলা।”
আর্থিক স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, উন্নয়ন প্রকল্পে কত অর্থ বরাদ্দ আসে এবং কীভাবে ব্যয় হয়—তা জানার অধিকার জনগণের রয়েছে। তাই নিয়মিতভাবে জনগণের সামনে জবাবদিহি নিশ্চিত করতে গণশুনানির আয়োজন করা হবে।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ঢাকা-১৪ আসনকে আধুনিক, সুশাসিত ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।