ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নওগাঁ, গোপালগঞ্জ, খুলনা ও ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় পুনরায় খোলা ও দলীয় পতাকা উত্তোলনের ঘটনা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন, ক্ষমতাসীন বিএনপির ‘সবুজ সংকেত’ ছাড়া আওয়ামী লীগের পক্ষে এমন উদ্যোগ নেওয়া সম্ভব হতো না। তার বক্তব্য, বিএনপির কাছ থেকে কোনো ধরনের অনুমোদন বা নীরব সমর্থন না পেলে আওয়ামী লীগ এ সাহস দেখাত না।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং নতুন সরকারের মন্ত্রিসভা নিয়ে দলীয় অবস্থান তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, এবারের নির্বাচনে ভারত, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে একধরনের সমঝোতা বা সমন্বয় হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসনের যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বিভিন্ন জেলায় আওয়ামী লীগের কার্যালয় খোলার ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের জবাবদিহি দাবি করেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, অবিলম্বে প্রশাসনিকভাবে এসব কার্যালয় বন্ধ না করা হলে রাজনৈতিকভাবে প্রতিরোধ কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে সরকারকেও ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের দায়ে জবাবদিহির মুখে দাঁড় করানো হবে বলে জানান তিনি।
এ প্রসঙ্গে কিছু গণমাধ্যমের ভূমিকাও প্রশ্নবিদ্ধ করেন নাহিদ ইসলাম। তার মতে, আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি যেভাবে প্রচার করা হয়েছে, তা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে।