জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে তারা সোচ্চার থাকবেন। “আমাদের মেরে ফেললেও আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলা বন্ধ করবো না,”—বলেন তিনি।
সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী হিসেবে অংশ নেওয়া পাটওয়ারী অভিযোগ করেন, নির্বাচনের সময় বিভিন্ন অপরাধী চক্র ও প্রভাবশালী ব্যক্তিরা তার সঙ্গে আপসের প্রস্তাব নিয়ে এসেছিল। কেউ কেউ তাকে নির্বাচনে জেতানোর আশ্বাস দিয়ে চুপ থাকার অনুরোধও করেন। তবে তিনি দাবি করেন, কোনো প্রস্তাবেই সাড়া দেননি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তারাবির নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ‘শাপলা কলি’ প্রতীকে নির্বাচন করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই আসনে তিনি বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের কাছে পরাজিত হন। তবে নির্বাচনি প্রচারণাকালে বিভিন্ন মন্তব্যের কারণে তিনি আলোচনায় ছিলেন।
সাংবাদিকদের উদ্দেশে পাটওয়ারী বলেন, গণমাধ্যমকর্মীদের চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে হবে। রমজান মাসে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছে হেদায়েতের আহ্বান জানানো হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ভবিষ্যতে কেউ যদি ঢাকা-৮ আসনে ভোট কারচুপির চেষ্টা করে, তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। “এটি ওসমান হাদির আসন। তার স্বপ্নের ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে আমরা কাজ করে যাবো,”—যোগ করেন তিনি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে পাটওয়ারী বলেন, নির্বাচন তাদের মূল লক্ষ্য নয়। তাদের প্রধান লক্ষ্য হচ্ছে ‘সিস্টেম পরিবর্তন’, এবং সে লক্ষ্যেই তারা কাজ চালিয়ে যাবেন।