পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি রমজানকে আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অনন্য সুযোগ হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।
বুধবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বছর ঘুরে আবারও রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান আমাদের মাঝে এসেছে। মহান আল্লাহ তায়ালা কুরআন নাজিলের এ পবিত্র মাসে ইবাদত-বন্দেগির সুযোগ দিয়েছেন—এ জন্য তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। তিনি মুসলিম উম্মাহকে কুরআনের শিক্ষা জীবনে ধারণ ও চর্চার মাধ্যমে আত্মশুদ্ধির পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
বার্তায় তিনি আরও বলেন, রমজানের পবিত্রতা মানুষের অন্তর থেকে গ্লানি, পাপাচার ও সীমালঙ্ঘনের প্রবণতা দূর করুক। শুধু ব্যক্তিগত ইবাদতেই সীমাবদ্ধ না থেকে সমাজের অসহায়, দরিদ্র ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্যও তিনি সবার প্রতি আহ্বান জানান। সামর্থ্যবানদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেন।
সবশেষে তিনি দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বলেন, আল্লাহ যেন বাংলাদেশের ওপর রহমত নাজিল করেন, দেশে স্থিতিশীলতা বজায় রাখেন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি কল্যাণমুখী সমাজ গড়ে তোলার তৌফিক দান করেন।