ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। নতুন করে আগামী ১৯ ফেব্রুয়ারি তারিখ ধার্য করেছেন আদালত।
রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। রাজধানীর পল্টন থানায় দায়ের করা এই মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ দিন নির্ধারিত ছিল। তবে তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন। এ নিয়ে সিআইডি মোট সাতবার সময় পেল।
আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
শরিফ ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর তফসিল ঘোষণার পরদিন ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় তাকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
পরবর্তীতে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।
ঘটনার পর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ১৪ ডিসেম্বর পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মৃত্যুর পর সেটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।
মামলাটি তদন্ত করে গত ৬ জানুয়ারি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। তবে বাদী ১৫ জানুয়ারি ওই অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেন। এরপর আদালত অধিকতর তদন্তের জন্য মামলাটি সিআইডিকে দেন এবং ২০ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। একাধিক দফায় সময় নেওয়ার পর আবারও তারিখ পেছানো হলো।