দেশের স্বার্থ সুরক্ষিত না হওয়ায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা সংক্রান্ত কোনো চুক্তি এখনো হয়নি বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি জানান, প্রায় তিন মাস ধরে আলোচনা চললেও এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
নৌপরিবহন উপদেষ্টা বলেন, “এখন পর্যন্ত আমরা চুক্তির কাছাকাছিও যাইনি। কারণ কিছু কঠিন বিষয়ে এখনো মতানৈক্য রয়েছে। আমাদের কাছে স্পষ্ট—দেশের স্বার্থ রক্ষা না হলে এই চুক্তি করা যাবে না।” তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দরকে টিকিয়ে রাখতে ও সক্ষমতা বাড়াতে হলে ব্যবস্থাপনায় আধুনিকায়ন এবং আন্তর্জাতিক সংযোগ বাড়ানো জরুরি।
তিনি বলেন, বর্তমানে চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিকভাবে সরাসরি সংযুক্ত নয়। এখান থেকে পণ্য পরিবহনে কলম্বো বা সিঙ্গাপুর হয়ে মাদার ভেসেলে যেতে হয়। অথচ বিশ্বের অন্যান্য বড় বন্দরে আধুনিক ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক মানের অপারেটরদের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আন্তর্জাতিক উদাহরণ তুলে ধরে সাখাওয়াত হোসেন বলেন, বিশ্বের অনেক দেশেই বন্দর পরিচালনায় বাইরের বিশেষজ্ঞ প্রতিষ্ঠান যুক্ত রয়েছে। এমনকি পার্শ্ববর্তী দেশ পাকিস্তানও করাচি বন্দরের ব্যবস্থাপনায় চুক্তির পথে যাচ্ছে। সে ক্ষেত্রে এ বিষয়টি নিয়ে অযথা বিতর্ক কেন হচ্ছে, তা তার বোধগম্য নয় বলে মন্তব্য করেন তিনি।
তিনি জানান, তিন মাসের আলোচনায় যে পর্যায়ে আসা গেছে, সেখানে দেশের স্বার্থ পুরোপুরি নিশ্চিত হচ্ছে না। এ কারণে সরকার কঠোর অবস্থান নিয়েছে। “যেখানে আমাদের স্বার্থ ক্ষুণ্ন হবে, সেখানে কোনোভাবেই সরকার চুক্তিতে যাবে না,”—বলেন তিনি।
বন্দর লাভজনক হওয়া সত্ত্বেও কেন বিদেশি ব্যবস্থাপনায় দেওয়ার চিন্তা করা হচ্ছে—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “বন্দর পরিচালনা করলে লাভ হবেই। কিন্তু যদি বর্তমান লাভের তুলনায় চারগুণ বেশি লাভ করা যায়, তাহলে সেখানে আপত্তির কী আছে?”
তিনি আরও বলেন, যারা বলছেন বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে, তারা হয় বিভ্রান্তি ছড়াচ্ছেন, নয়তো বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা রাখেন না। চট্টগ্রাম বন্দর একটি জাতীয় বন্দর এবং এর বড় তিনটি টার্মিনালই দেশের বন্দর ব্যবস্থার মূল ভিত্তি। এর মধ্যে একটি নতুন টার্মিনালের ব্যবস্থাপনা সৌদি আরবকে দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।