দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো এবারও পোস্টাল ব্যালটের মাধ্যমে পাবনা-৫ (সদর) আসনে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। সোমবার বঙ্গভবনে তিনি তার ভোট প্রদান করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন।
এর আগে নিজের নির্বাচনি এলাকায় গিয়ে ভোট না দেওয়ার ব্যাখ্যায় রাষ্ট্রপতি বলেছিলেন, ভোটের দিন পাবনায় তার উপস্থিতি নিরাপত্তাজনিত কারণে সাধারণ ভোটারদের জন্য ভোগান্তির কারণ হতে পারে। তিনি বলেন, “আমি যদি বঙ্গভবন থেকে বের হয়ে এলাকায় যাই, তাহলে আমার নিরাপত্তার কারণে পুরো পাবনা জেলাতেই প্রভাব পড়বে। এতে সাধারণ মানুষ ভোটকেন্দ্রে যেতে সাময়িক হলেও বাধার মুখে পড়তে পারে। সচেতন বিবেচনায় আমি ভোটারদের বিঘ্নিত করতে চাই না।”
দ্বাদশ সংসদ নির্বাচনে রাষ্ট্রপতির পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার পদ্ধতি ছিল প্রথাগত। তবে এবারের ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে নির্বাচন কমিশন প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ভোটিং ব্যবস্থা চালু করেছে। এ ব্যবস্থায় অনলাইনে নিবন্ধনের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ মিলছে।
নতুন পদ্ধতিতে ইতোমধ্যে কারাগার থেকে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, আমলা, পুলিশ ও সাংবাদিকসহ ২০ জন ভোট দিয়েছেন। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন জানান, এ শ্রেণির ৪০ জন ভোটার নিবন্ধন করলেও তাদের মধ্যে ২০ জন ভোট দিতে অস্বীকৃতি জানান এবং বাকি ২০ জন নিয়ম অনুযায়ী ভোট প্রদান করেছেন।
প্রবাসীদের চার লাখ ৬০ হাজার ব্যালট দেশে পৌঁছেছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন পাঁচ লাখের বেশি প্রবাসী বাংলাদেশি। এর মধ্যে চার লাখ ৬০ হাজারের বেশি ব্যালট ইতোমধ্যে ডাকযোগে দেশে পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
ইসির ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, সোমবার সকাল ১০টা পর্যন্ত চার লাখ ৬০ হাজার ৪৮০টি পোস্টাল ব্যালট দেশে ফেরত এসেছে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের তথ্য অনুযায়ী, মোট পাঁচ লাখ সাত হাজার ৭৫ জন প্রবাসী ভোট দিয়েছেন। এর মধ্যে চার লাখ ৯১ হাজার ৬৮২ জন ভোট দিয়ে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে মোট সাত লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন। সোমবার সকাল পর্যন্ত পাঁচ লাখ ২৭ হাজার ৮২৪ জন প্রবাসী ব্যালট হাতে পেয়েছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, পোস্টাল ভোটে নিবন্ধনকারী যেসব ভোটার এখনও কিউআর কোড স্ক্যান করেননি, তাদের আগামী মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিটের (বাংলাদেশ সময়) মধ্যে খামের ওপর মুদ্রিত কিউআর কোড স্ক্যান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে স্ক্যান না হলে সংশ্লিষ্ট ব্যালট বাতিল বলে গণ্য হবে।
দেশে–বিদেশে মোট ১৫ লাখের বেশি নিবন্ধন
এবার দেশে ও দেশের বাইরে মিলিয়ে ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন, যাদের অর্ধেকের বেশি প্রবাসী। প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের ভেতরে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং কারাগারে থাকা ভোটারদেরও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
সোমবার সকাল ১০টা পর্যন্ত দেশের ভেতরে সাত লাখ ৬০ হাজার ৮৯৮ জন ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে কমিশন। এর মধ্যে পাঁচ লাখ ২৮ হাজার ১৫৬ জন ব্যালট সংগ্রহ করেছেন। তাদের মধ্যে চার লাখ ৭৩ হাজার ১৪৪ জন ভোট দিয়েছেন এবং চার লাখ ২৯ হাজার ৮৮২ জন ভোট দিয়ে ব্যালট ডাকযোগে পাঠিয়েছেন।
নির্বাচন কমিশন বলছে, ব্যালট পাওয়ার পর দ্রুত ভোট প্রদান করে নিকটবর্তী পোস্ট অফিসে হলুদ খাম মঙ্গলবারের মধ্যে জমা দিলে তা সময়মতো রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছানো সম্ভব হবে। ভোটের দিন ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে যেসব ব্যালট রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছাবে, সেগুলোই গণনায় অন্তর্ভুক্ত হবে।